← খবরে ফিরুন
প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ || প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

নিরাপত্তা শঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

অনূর্ধ্ব-১৭ ফুটবল দল যুক্তরাষ্ট্র| ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ||

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (ইউএস সকার ফেডারেশন)।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে তাদের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলের প্রস্তুতিমূলক ক্যাম্প এবং বিশ্বকাপে অংশগ্রহণ—দুটিই বাতিল করা হয়েছে।

সিদ্ধান্তের পেছনে কাতার নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল-৩’ ভ্রমণ সতর্কতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জারি করা নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনার কথাও তুলে ধরা হয়েছে।

চিঠিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে ফেডারেশন বলেছে, তাদের কল্যাণই সব সময় অগ্রাধিকার পাবে।

বুধবারের মধ্যেই সংশ্লিষ্ট ফুটবলারদের ক্লাবগুলোকে এ সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার আগে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। এদিকে, বিষয়টি নিয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে ৪৮টি দলের অংশগ্রহণে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে মাঠে নামার কথা ছিল যুক্তরাষ্ট্রের। 'জে' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।

এর আগে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ আসরে শেষ ৩২-এ খেলেছিল যুক্তরাষ্ট্রের যুব দল। তবে এবারের আসরে নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

সম্পাদক ঃ সম্পাদক ও প্রকাশকঃ স্পন্দন টাইম্‌স
বাসা নং- ১০১, রোড-১৪, ভাটারা, ঢাকা, বাংলাদেশ
কপিরাইট © ২০২৬ স্পন্দন টাইম্‌স । সর্বস্বত্ব সংরক্ষিত