অনলাইন ডেক্স || খুলনার রূপসা উপজেলায় বিএনপি নেতা মো. জাকির হোসেনকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে স্বল্পবাহিরদিয়া এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে গুলি করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে এবং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তারা হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করে। পরে জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
হামলার পরপরই মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন জাকির হোসেনকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। হত্যার কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।