← খবরে ফিরুন
প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ || প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছবি- সংগৃহীত

নিউজ ডেস্ক || গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা আগামী ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব বিভাগের শিক্ষা কার্যক্রম।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টায় অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

পরবর্তী সময়ে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তের আলোকে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব বিভাগ, দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

সম্পাদক ঃ সম্পাদক ও প্রকাশকঃ স্পন্দন টাইম্‌স
বাসা নং- ১০১, রোড-১৪, ভাটারা, ঢাকা, বাংলাদেশ
কপিরাইট © ২০২৬ স্পন্দন টাইম্‌স । সর্বস্বত্ব সংরক্ষিত