ফারসি ভাষার কথোপকথন লিখে ফেলবে, নিজস্ব এআই প্রযুক্তি তৈরি করল ইরান
ফারসি ভাষায় টেলিফোনে কথোপকথন শনাক্ত করে তা স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তরের প্রযুক্তি তৈরি করেছে ইরান। দেশটির তেহরান বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের উদ্ভাবিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তুলনামূলক পরীক্ষায় গুগলের স্পিচ রিকগনিশন সিস্টেমসহ আন্তর্জাতিক বিভিন্ন সেবার চেয়ে ভালো ফল করেছে বলে দাবি করা হয়েছে।
প্রযুক্তিটি তৈরি করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের ইন্টেলিজেন্ট সিস্টেমস অনুষদের শিক্ষক হাদি ভাইসি। টেলিফোনে কথোপকথনের সময় ফারসি ভাষা শনাক্ত করার ক্ষেত্রে যেসব জটিলতা দেখা যায়, সেগুলো বিবেচনায় রেখেই এটি তৈরি করা হয়েছে।
হাদি ভাইসি জানান, ইরানের বিভিন্ন কল সেন্টার থেকে সংগ্রহ করা কয়েক হাজার ঘণ্টার বাস্তব টেলিফোন কথোপকথনের তথ্য ব্যবহার করে এআই প্রযুক্তিটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব তথ্যের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক উপভাষা ও উচ্চারণের নমুনাও অন্তর্ভুক্ত ছিল।
তাঁর মতে, স্থানীয় কথোপকথনের তথ্য ব্যবহারের ফলে ইরানের বিভিন্ন অঞ্চলে ফারসি ভাষা বলার ধরন এবং টেলিফোনে কথা বলার বাস্তব পরিস্থিতি প্রযুক্তিটি তুলনামূলক ভালোভাবে বুঝতে পারে। ফলে স্থানীয় ভাষাগত বৈশিষ্ট্য শনাক্ত করার ক্ষেত্রে এটি কার্যকর হয়েছে।
বর্তমানে ইরানের কয়েকটি প্রতিষ্ঠান স্মার্টফোনভিত্তিক সহকারী ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় গ্রাহকসেবা কার্যক্রমে এই প্রযুক্তি ব্যবহার করছে।
সংশ্লিষ্টদের আশা, ফারসি ভাষা, আঞ্চলিক উপভাষা ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে তৈরি এই প্রযুক্তি ইরানের নিজস্ব এআই অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে। পাশাপাশি বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে ফারসি ভাষাভিত্তিক বুদ্ধিমান সেবা সম্প্রসারণেও ভূমিকা রাখবে।
অনলাইন সংবাদ আপডেট
সব লেখা দেখুন →
পরের খবর জাতীয়গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।